প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
চট্টগ্রামে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেয়া কনস্টেবল গুরুতর আহত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় গুরুতর আহত হয়েছেন তিনি।
আহত মো. আব্দুল কুদ্দুস (৫৫) চট্টগ্রাম নগরীর ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত। তার বাড়ি ফেনী জেলায়।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর রাণি রাসমণি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টোল রোডে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কুদ্দুস। এসময় জব্দ করা একটি অটোরিকশা ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথে অটোরিকশা চালক চলন্তা গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করে। এতে তার মাথা অটোরিকশার চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় আব্দুল কুদ্দুসকে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেলের আইসিউতে ভর্তি আছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অটোরিকশা ও তার চালক জুয়েলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট